সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ
আল আমিন সরকার জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া –
সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ঘিরে বিক্ষোভে ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জনের প্রাণহানির ঘটনায় মদদদাতা আখ্যা দিয়ে তার বিচার দাবিতে এ বিক্ষোভ হয়।
রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতুলী মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, আলেম-ওলামাদের পূণ্যভূমি ব্রাহ্মণবাড়িয়াতে উবায়দুল মোকতাদির চৌধুরী ওলামাদের রক্ত ঝরিয়েছেন। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আন্দোলনে মোকতাদির চৌধুরীর প্রত্যক্ষ মদদে ব্রাহ্মণবাড়িয়া হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এতে ১৬টি তাজা প্রাণ ঝরে। এসব হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসি দিতে হবে।
তারা আরও বলেন, ২০২৪ এর গণআন্দোলনে হেফাজতের নেতাকর্মীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ ব্রাহ্মণবাড়িয়ায় আলেমদের ওপর অত্যাচারের বিচার করতে হবে। এছাড়াও মোকতাদির চৌধুরী ও সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে হাজির করে দ্রুত বিচার কাজ শেষ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































